জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের তিন বিঘা ধানখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই বছরে পাঁচবার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধারদেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।ঘটনাটি ঘটেছে উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামে। গত মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আগাছানাশক ছিটিয়ে দেয় আতোয়ারের ধানখেতে। পরদিন থেকে ধানগাছ বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করে। দুই দিনের মাথায় পুরো জমির ফসল নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত শনিবার বিকেলে আতোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আতোয়ার হোসেন বলেন, ‘গত দুই বছরে পাঁচবার আমার ফসল নষ্ট করা হয়েছে। গরু চুরি হয়েছে, দুই লাখ টাকা ঋণে জর্জরিত আমি। এবার ভাবছিলাম ধান কেটে সংসার চালাব, কিন্তু সব শেষ হয়ে গেল।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি হৃদয়বিদারক। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।