এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের ছাত্র-ছাত্রীরা আজ রবিবার রাজপথে নেমে এসে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে ময়মনসিংহ-শেরপুর সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করে এবং রাস্তায় বসে পড়ে। এ সময় তারা কেন্দ্র পরিবর্তনের দাবিতে তীব্র স্লোগান দেয়।
খবর পেয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়। তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলেজের সাবেক জিবি সদস্য আসাদুল হক মন্ডল ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের দাবি সমাধানের আশ্বাস দেন।
এই ঘটনায় ছাত্রছাত্রীরা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছে।
উল্লেখ্য, পূর্বে তারাকান্দার তালদিঘী উচ্চ বিদ্যালয়ে উপকেন্দ্র হিসেবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে এবার নতুন করে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে কেন্দ্র স্থাপন করায় শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।