মিয়ানমারের জান্তা সরকার স্কুল, হাসপাতাল এবং ধর্মীয় স্থানের মতো বেশিরভাগ বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে। রাখাইন, চিন, কারেন, শান, কারেনি, মন রাজ্য, সাগাইং এবং মান্দালয় অঞ্চলে বিমান হামলার খবর পাওয়া গেছে।এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, ভূমিকম্পের পর যুদ্ধবিরতি সত্ত্বেও গত ২ মে থেকে প্রতিরোধ-অধিকৃত অঞ্চলে বেসামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ৫৮টি বিমান হামলা রেকর্ড করা হয়েছে। ফলে কমপক্ষে ৮৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।গত সোমবার মেইকটিলা বিমানঘাঁটি থেকে একটি জান্তা যুদ্ধবিমান সাগাইং অঞ্চলের দেপাইন টাউনশিপের ও হ্তেইন টুইন গ্রামে বেসামরিক জাতীয় ঐক্য সরকার পরিচালিত একটি স্কুলে ব্যাপকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ। স্কুলটিতে ১০০ জনেরও বেশি শিশু পড়াশোনা করছিল – এমন সময় এই হামলা চালানো হয়।
হামলায় ৭ থেকে ১৬ বছর বয়সী ২২ জন শিশু এবং ২০ বছর বয়সী দুই স্বেচ্ছাসেবক শিক্ষক নিহত হন। সেই সঙ্গে আরও ১০২ জন আহত হয়, যাদের বেশিরভাগই শিশু। ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়া স্কুলে জান্তার বিমান হামলার নিন্দা জানিয়েছে।