এম.শাহীন আল আমীন ॥ জামালপুরের বকশীগঞ্জে পাঠশালার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এক ডিনার আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ওয়াহিদা বেগম বেলি ও ঢাকা জজকোর্টের আইনজীবি সোহেল রানার পৃষ্ঠপোষকতায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলায় বিনামূল্যে পাঠদানের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাশ করে চলতি শিক্ষা বর্ষে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে। পাঠশালার শিক্ষার্থীদের নিয়েই আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ডিনার আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি পাঠশালার প্রতিষ্ঠাতা দৈনিক ইত্তেফাক সাংবাদিক এম শাহীন আল আমীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনূর রশীদ, প্রধান আলোচক পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, সমাজ সেবক মাইনুল ইসলাম লাবলু আকন্দ ও শিক্ষার্থী খন্দকার শাদনাম বিন শাহীন। বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন। আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে দারুচিনি চাইনিজ রেষ্টুরেন্টে উপস্থিত অতিথি, অভিভাবক, সিনিয়র সাংবাদিক ও শিক্ষার্থীরা ডিনার আড্ডায় অংশ গ্রহন করেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর সাংবাদিক সরওয়ার জামান রতন, মানব জমিন সাংবাদিক আশরাফুল হায়দার, কালের কন্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, ঢাকা প্রতিদিন সাংবাদিক এইচএম মূসা আলী, দৈনিক ইনকিলাব সাংবাদিক এমদাদুল হক লালন, সাংবাদিক লিয়াকত হোসেন বাবুল ও সাংবাদিক হারুন উর রশিদ।