পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। নিরাপত্তা শঙ্কায় ইতোমধ্যেই পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। শুক্রবার (৯ মে) রাতে আরব আমিরাতে যাবেন রিশাদ-নাহিদরাও। এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি প্রধান বলেন, ‘সাম্প্রতিকালে গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী দেশ হিসেবে এটা আমাদের উদ্বেগের সৃষ্টি করেছে। আপনারা জানেন আমাদের দুজন জাতীয় দলের খেলোয়াড় পাকিস্তানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে। সেই টুর্নামেন্ট থেকে যখন আমরা প্রথম খবর পেয়েছি তখন ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশন্স থেকে শাহরিয়ার নাফিস সার্বক্ষণিক যোগাযোগ করেছে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পিএসএলের সিইও—এর সঙ্গে যোগাযোগ করেছি, ফোনে কথা বলেছি।’